প্রধানমন্ত্রীর গুলশান বাসভবন থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে ১২০০ ইউনিট সৌরবিদ্যুৎ: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজস্ব ব্যবহারের পর ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারের সব ভবনের ছাদ সৌর প্যানেল স্থাপনের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে। এসব প্যানেল থেকে সংশ্লিষ্ট সরকারি ভবনের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এর সুষ্ঠু ব্যবহার ও অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বিষয়টিও অর্থনৈতিকভাবে বিবেচনা করা উচিত।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইউএনওদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
এ ছাড়া নিজ নিজ এলাকায় অতিদরিদ্র মানুষের প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য ইউএনওদের প্রতি আহ্বান জানান শাহে আলম। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থের ব্যবস্থা করা সম্ভব না হলে স্থানীয় সরকার বিভাগ রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন তারা সরাসরি তদারকি করছেন।
তিনি বলেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলো নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিএনপি কাজ শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদী ও পুকুরসহ বিভিন্ন উৎস থেকে উপরিভাগের পানির সরবরাহ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন। দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপপরিচালকরাও সভায় অংশ নেন।

Pingback: শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে কাজ করছে সরকার, ২০২৭ সালে নতুন বই-ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী