বিপিএলের ধাক্কা সামলাতে ঘরোয়া ক্রিকেটে বাড়ল ম্যাচ ফি

বিপিএলের ধাক্কা সামলাতে ঘরোয়া ক্রিকেটে বাড়ল ম্যাচ ফি
বিসিবি সভাপতি তামিম ইকবাল

বিপিএল না থাকায় দেশের ক্রিকেটারদের আয় কমে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি সামাল দিতে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানোর পথে হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্তে পুরুষ ক্রিকেটের তিন ফরম্যাটেই ম্যাচ ফি বাড়ানো হয়েছে। একই সুবিধা পাচ্ছেন নারী ক্রিকেটাররাও।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবির নতুন পারিশ্রমিক কাঠামোর কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে প্রথম শ্রেণির ক্রিকেটে। প্রতি ম্যাচে ক্রিকেটারদের পারিশ্রমিক এখন ১ লাখ ৫০ হাজার টাকা। এর আগে মে মাসে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল এই ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেছিলেন। এবার সেটি আরও ৫০ হাজার টাকা বাড়ানো হলো।

একদিনের ক্রিকেটেও বেড়েছে ম্যাচপ্রতি আয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ম্যাচে ফি ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৪০ হাজার টাকার পরিবর্তে এখন দেওয়া হবে ৮০ হাজার টাকা।

বিসিবির এই সিদ্ধান্তের পেছনে এবারের বিপিএল না হওয়ার বিষয়টি বড় কারণ হিসেবে সামনে এসেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর থেকে স্থানীয় ক্রিকেটারদের একটি অংশ বাড়তি আয়ের সুযোগ পান। সেই সুযোগ না থাকায় ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো থেকেই আয় বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।

বিসিবি সভাপতি জানিয়েছেন, একজন ক্রিকেটার নিয়মিত ম্যাচ খেলে পুরো মৌসুমে ঘরোয়া ক্রিকেট থেকে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এর ফলে বিপিএল না হওয়ার আর্থিক প্রভাব কিছুটা সামলে নেওয়ার সুযোগ তৈরি হবে ক্রিকেটারদের জন্য।

তবে বাড়তি পারিশ্রমিকের পাশাপাশি ক্রিকেটারদের পেশাদার আচরণ নিশ্চিত করার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে বোর্ড। বিশেষ করে ফিটনেস পরীক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে ক্রিকেটারদের জন্য বিশেষ সুপারিশও বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন তামিম।

বর্তমান হারও চূড়ান্ত নয় বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। বোর্ডের আয় ও আর্থিক সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়লে প্রায় দুই বছর পর ম্যাচ ফি আবার পর্যালোচনা করা হতে পারে।

নারী ক্রিকেটেও বাড়ানো হয়েছে পারিশ্রমিক। প্রথম শ্রেণির ম্যাচে এখন ম্যাচপ্রতি ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা পাবেন ক্রিকেটাররা। নারীদের দীর্ঘ সংস্করণের ক্রিকেট নিয়েও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিসিবির। বর্তমানে তিন দিনের প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও সেটিকে চার দিনের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে নারী ক্রিকেটারদের দীর্ঘ সংস্করণে আরও প্রস্তুত করে তোলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের কাঠামো শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বোর্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *