ইতালিতে হেনস্তার পর বাঁধনের দৃঢ় বার্তা, ‘আমাকে দমানো সহজ নয়’

ইতালিতে হেনস্তার পর বাঁধনের দৃঢ় বার্তা, ‘আমাকে দমানো সহজ নয়’

অভিনেন্ত্রী আজমেরী হক বাঁধন

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, একটি পার্কে ভাই ও পরিবারের সঙ্গে অবস্থানের সময় কয়েকজন তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।

সোমবার রাতে ঘটে যাওয়া এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন বিস্তারিত জানান। তাঁর অভিযোগ, হামলার সময় তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয় এবং কানের পাশেও আঘাত করা হয়। তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিনেত্রী আরও অভিযোগ করেন, তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। হামলার কিছু ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বাঁধন। ভিডিওতে কয়েকজনকে তাঁর দিকে এগিয়ে যেতে, ধস্তাধস্তি করতে এবং রাজনৈতিক অবস্থান নিয়ে উত্তেজিত মন্তব্য করতে দেখা যায়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, একজন আজমেরী হক বাঁধনকে দমানো সহজ নয়। তিনি জানান, ২০২৪ সালের আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং এ অবস্থানের জন্যই তাঁকে হয়রানির শিকার হতে হয়েছে বলে তাঁর অভিযোগ।

বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে তিনি ইতালি গেছেন। সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে নির্বাচিত হয়েছে এবং ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *