জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতির দায়িত্বে বাংলাদেশের ড. খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতির দায়িত্বে বাংলাদেশের ড. খলিলুর রহমান
ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় অধিবেশনের উদ্বোধন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান।

এর মধ্য দিয়ে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি। খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন। ৮১তম অধিবেশনের মেয়াদ চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। এ সময় নতুন বৈশ্বিক দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানানো হয়।

গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ব্যালটে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়েছিল।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় এই অঞ্চলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান। তাঁর নির্বাচিত হওয়াকে বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে এলেন।

১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতিসংঘ সাধারণ পরিষদ সংস্থাটির অন্যতম প্রধান নীতিনির্ধারণী ও আলোচনার ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সাধারণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *