ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেটরদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেটরদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়।

সভায় বলা হয়, প্রচলিত সরকারি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও ইতিবাচক আচরণগত পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে মন্ত্রণালয়।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত ডেঙ্গু মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় বেড প্রস্তুত রাখার কাজও চলছে।

তবে শুধু চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়িয়ে ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু কমানো সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এজন্য মানুষের আচরণে পরিবর্তন আনা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতাদের ব্যাপক প্রভাব রয়েছে উল্লেখ করে তিনি ডেঙ্গু প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, মানুষ কনটেন্ট নির্মাতাদের কথা মনোযোগ দিয়ে শোনে। তাই বিষয়টিকে শুধু বাণিজ্যিক উদ্যোগ হিসেবে না দেখে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও দেখার আহ্বান জানান তিনি। একটি সচেতনতামূলক ও সৃজনশীল কনটেন্টও মানুষের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা তৈরি করে জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সভায় আগামী তিন মাসের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটর ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দ্রুত তাদের প্রাথমিক ধারণা ও প্রচারণার রূপরেখা জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল ক্যাম্পেইনের কনটেন্ট প্রচার শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *