ছাত্রদল নেতা শাকিল হত্যার অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে বহিষ্কার করা হয়েছে। তিনি নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহযোদ্ধার জীবনহানির মতো গর্হিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকায় তাঁর মৃত্যু হয়। তিনি পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রের ভাষ্য, মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা ধাওয়া করে তাঁকে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে তাঁরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
