নাগরিকদের সব সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করবে সরকার: অর্থমন্ত্রী

নাগরিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নতুন এই সাইকেল ট্র্যাক নগরবাসীর যাতায়াতের পাশাপাশি নিয়মিত শরীরচর্চার সুযোগ তৈরি করবে। এতে নাগরিকদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক পরিবেশ গড়ে উঠবে।
তিনি জানান, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে। নাগরিক সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে নগরের খালপাড়সহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ধরনের জনবান্ধব অবকাঠামো উন্নয়নে নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হককে নিজ নিজ এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নাগরিকদের ঘরের বাইরে এসে শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ সৃষ্টি করতে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিন সংসদ সদস্য ছাড়াও নগর বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
