মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং কাউকে অনিয়ম করার সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান তিনি। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের পাশাপাশি মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশ ও মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের শিক্ষাজীবন, সহপাঠী এবং মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি জানান, ১৯৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী থাকাকালে মুক্তিযুদ্ধের কারণে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়। যুদ্ধ শেষে দেশে ফিরে পরীক্ষার মুখোমুখি হলে তারা তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সঙ্গে সাক্ষাৎ করেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ মূল্যায়নের অনুরোধ জানালে শিক্ষকদের সহযোগিতায় পরবর্তীতে তাদের শিক্ষাজীবন নিয়মিত করার ব্যবস্থা করা হয়।
শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, গুণী শিক্ষকদের দিকনির্দেশনা, স্নেহ ও সহযোগিতার কারণেই তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউইডিএএ) সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
