ভেনিসে বাঁধনের ওপর হামলা, তীব্র প্রতিবাদ ছাত্রদল সভাপতির

ইতালির ভেনিসে ঢালিউডের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
পোস্টে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ভেনিসে বাঁধনের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। ঘটনাটিকে তিনি ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান।
তিনি আরও দাবি করেন, বিদেশের মাটিতে একজন নারী ও জুলাই আন্দোলনের একজন যোদ্ধার ওপর এ ধরনের হামলা রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার কথাও বলেন তিনি।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় হামলার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, ইতালির ভেনিসের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা ও হেনস্তা করেন। এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয় এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ইতালিতে হেনস্তার পর বাঁধনের দৃঢ় বার্তা, ‘আমাকে দমানো সহজ নয়’
বাঁধন আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে বিভিন্ন স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন এবং ঘটনাটি ভিডিও ধারণ করেন। এ সময় তাকে গালাগাল করা হয় বলেও দাবি করেন তিনি।
ভিডিওবার্তায় বাঁধন বলেন, তাকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় করিয়ে হামলা করা হয়েছে বলে তার অভিযোগ। নিজের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাকে দমিয়ে রাখা সহজ হবে না।
বাঁধন আরও জানান, তিনি ভেনিস উৎসবে একটি সিনেমা নিয়ে অংশ নিয়েছেন। ওই সিনেমার পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের পরও তিনি পরিচালকের সঙ্গে কাজ করছেন।
ঘটনার বিষয়ে বিষয়টি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানান বাঁধন। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।
