ঢাবি শিক্ষকের ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, থানায় জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষকের ব্যক্তিগত মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও বাসার ঠিকানা তাঁর অনুমতি ছাড়াই ফেসবুকে প্রকাশ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে অশালীন কথা ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ওই শিক্ষক।
ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া এবং পরবর্তী সময়ে হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)।
রোববার (৩০ আগস্ট) করা জিডিটির নম্বর ২০৩৮।
আরও পড়ুন: টিউশনি করেও পারিশ্রমিক না পাওয়া ঢাবি শিক্ষার্থীদের আইনি সহায়তার আশ্বাস সর্বমিত্রের
জিডিতে ওই শিক্ষক উল্লেখ করেন, তাঁর অনুমতি ছাড়া ফেসবুকে মোবাইল নম্বর, ই-মেইল ও বাসার ঠিকানা প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে তাঁকে নানা ধরনের অশালীন কথা বলা ও হুমকি দেওয়া হচ্ছে।
বিশেষ করে বাসার ঠিকানা প্রকাশ্যে চলে আসায় নিজের বাসভবনে অবস্থান নিয়েও নিরাপত্তাহীনতা অনুভব করছেন বলে জানান তিনি। পরিস্থিতিতে নিজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার আইনগত প্রতিকার চেয়ে শাহবাগ থানায় জিডি করেন তিনি।
এ বিষয়ে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
