টিউশনি করেও পারিশ্রমিক না পাওয়া ঢাবি শিক্ষার্থীদের আইনি সহায়তার আশ্বাস সর্বমিত্রের

টিউশনি করেও পারিশ্রমিক না পাওয়া ঢাবি শিক্ষার্থীদের আইনি সহায়তার আশ্বাস সর্বমিত্রের

টিউশনি করানোর পরও পারিশ্রমিক না পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। এ ধরনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান সর্বমিত্র চাকমা।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, অনেক শিক্ষার্থীর টিউশনের পারিশ্রমিক আটকে রয়েছে। কেউ কেউ এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না। একই ধরনের সমস্যায় আরও অনেক শিক্ষার্থী পড়েছেন বলেও তিনি জানান।

সর্বমিত্র বলেন, ব্যক্তিগতভাবে পুলিশ বা তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা পাওয়া গেলেও সব ঘটনায় একইভাবে সমস্যার সমাধান হচ্ছে না। তাই ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগগুলো একত্র করে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও জানান, টিউশনের পারিশ্রমিক না পাওয়ার মতো সমস্যায় পড়লে প্রয়োজনীয় প্রমাণসহ করা জিডির কপি তাকে হোয়াটসঅ্যাপে পাঠানো যেতে পারে। সব অভিযোগ একত্র করে পরবর্তী সময়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব, তা দেখার আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীদের পাওনা পারিশ্রমিক আদায়ে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ডাকসুর এই সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *