অভিনয় নয়, জীবনের শেষ অধ্যায়টা অন্যভাবে কাটাতে চান অভিনেত্রী পপি

অভিনয় নয়, জীবনের শেষ অধ্যায়টা অন্যভাবে কাটাতে চান অভিনেত্রী পপি
অভিনেত্রী সাদিকা পারভীন পপি

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। সিনেমায় ফেরার বিষয়ে এখনো কোনো নিশ্চিত সিদ্ধান্ত না জানালেও নিজের জীবন নিয়ে নতুন করে ভাবছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেছেন পপি। সেখানে তিনি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান।

পপি বলেন, সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহখোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।

তার এই বক্তব্যে অভিনয়জীবন থেকে দূরে থাকার পাশাপাশি জীবনের পরবর্তী সময়টাকে আরও শান্ত ও ধর্মীয় পরিবেশে কাটানোর ইচ্ছার বিষয়টি উঠে এসেছে।

অভিনয়ে ফেরার বিষয়ে এর আগে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর ফিরলেও যেকোনো কাজ দিয়ে ফিরতে চান না। ভালো ও মানসম্মত কোনো কাজ পেলেই কেবল ফেরার কথা ভাববেন। তবে সাম্প্রতিক সময়ে তার চলচ্চিত্রে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এরপর দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য বাণিজ্যিক ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী।

করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে যান পপি। এ সময় তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। পরে সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকে মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তাকে ঘিরে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে তার বিয়ে ও সংসারজীবন নিয়ে আলোচনা শুরু হয়। পরে জানা যায়, পপি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *