৬ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

দেশে গত ছয় মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সময়ে মব তৈরির বিভিন্ন চেষ্টা থাকলেও রাজনৈতিক নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও বৈঠকে জানানো হয়েছে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এসব তথ্য উঠে আসে।
বৈঠকে মিরাজ শেখের অপহরণের ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে আলোচনা হয়। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার পরামর্শ দেন কমিটির সদস্যরা।
আরও পড়ুন: ৬ মাসে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে: জাহেদ উর রহমান
এ ছাড়া বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট উপস্থাপনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি জাতীয় সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকের একপর্যায়ে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কোনো সদস্যের সংশোধনী, মতামত বা পরামর্শ থাকলে তা সভায় উপস্থাপন করার পাশাপাশি প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, এসবই কমিটির সদস্যদের দায়িত্বের অংশ। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেনসহ কমিটির সদস্যরা অংশ নেন।
