দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য রূপরেখা নিয়ে কথা বলবেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia)। এটি ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন: দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি কোনো আনুষ্ঠানিক জনসভা বা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেননি। সে বিবেচনায়, এবারের বক্তব্যকে ক্ষমতা ছাড়ার পর তার প্রথম উল্লেখযোগ্য প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশ্লেষক এবং জনপরিচিত ব্যক্তিরা অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন তার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ-সংশ্লিষ্ট কয়েকজন প্রতিনিধি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (IAPC)-এর সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার ভবিষ্যৎ অবস্থান এবং আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। তবে তিনি কী ঘোষণা দেবেন বা ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কী অবস্থান তুলে ধরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
