পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের কাজ জানুয়ারি–ফেব্রুয়ারিতে শুরুর পরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী

The current image has no alternative text. The file name is: Ani.png

পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি–ফেব্রুয়ারিতে শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচির সঙ্গে সমন্বয় করে প্রকল্পের উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন পানিসম্পদমন্ত্রী। তাঁর বক্তব্য, এটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির সংকট কমানো এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগ সম্প্রসারণ, মৎস্যসম্পদের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহে প্রকল্পটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *