সাইবার হামলার আশঙ্কায় বন্ধের তিন দিন পর খুলল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার আশঙ্কায় বন্ধের তিন দিন পর খুলল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট আবার চালু হয়েছে।

তিন দিন বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) সকাল আটটা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে।

তবে এই সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে ওয়েবসাইট বন্ধ থাকার কারণে গ্রাহকদের এসব সেবা ব্যবহারে সমস্যা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এ সময় ওয়েবসাইটে কোনো নিরাপত্তাত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়। ঝুঁকি কেটে যাওয়ায় এটি পুনরায় চালু করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ করা হয়।

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার খবরের মধ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স ও সংবাদমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিচালনায় পিএইচপি ব্যবহৃত হয়।

নিরাপত্তাত্রুটির খবর সামনে আসার পর বিভিন্ন দেশের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও তাদের ওয়েবসাইট সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেয়। বাংলাদেশ ব্যাংকও নিজেদের ওয়েবসাইট পরীক্ষা করে পুনরায় চালু করেছে বলে মুখপাত্রের বক্তব্যে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *