চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার তৃতীয় বিয়ে এবং কথিত ‘চুক্তিভিত্তিক বিয়ে’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় ক্ষোভ ও মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে বিয়ের খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন প্রভা। তিনি জানান, তিনি বিয়ে করেননি এবং কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে জড়াননি।
প্রভা বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। একই সঙ্গে এসব তথ্য প্রচারের আগে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: চীন সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
সাংবাদিকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, একজন সাংবাদিকের লেখার প্রভাব অনেক বেশি। একই কলমের মাধ্যমে কাউকে নেতিবাচকভাবে উপস্থাপন করা যেমন সম্ভব, তেমনি ইতিবাচকভাবেও তুলে ধরা যায়। তাই এই ক্ষমতার সঙ্গে দায়িত্বশীলতাও থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান প্রভা। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে তথ্য নিশ্চিত করার অনুরোধও করেন তিনি।
ভক্তদের উদ্দেশে প্রভা বলেন, ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হতে। নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য তিনি নিজেই ফেসবুকের মাধ্যমে জানাবেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান প্রভা।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। বর্তমানে নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন। সম্প্রতি একটি সিনেমার শুটিং করেছেন এই অভিনেত্রী। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে বলে জানা গেছে।
