মোবাইলে পর্নোগ্রাফিক ছবি-ভিডিও রাখার অভিযোগে, রোহিঙ্গা যুবকের ১৪ দিনের কারাদণ্ড

মোবাইলে পর্নোগ্রাফিক ছবি-ভিডিও রাখার অভিযোগে, রোহিঙ্গা যুবকের ১৪ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগে হামিদুর রহমান (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের একটি এপিবিএন চেকপোস্টে তল্লাশির সময় তার মোবাইল ফোনে এসব ছবি ও ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন সূত্র জানায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই মো. শাহীনুর ইসলাম ও চেকপোস্টে দায়িত্ব পালনকারী সদস্যরা তল্লাশির অংশ হিসেবে হামিদুর রহমানের মোবাইল ফোন পরীক্ষা করেন। এ সময় পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়ার পর তাকে আটক করা হয়। একই সঙ্গে ফোনটি জব্দ করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৪ ও ৮ ধারায় হামিদুর রহমানকে দোষী সাব্যস্ত করে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত হামিদুর রহমান মোহাম্মদ সুলতানের ছেলে।

আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরে হামিদুর রহমানকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *