দুই মাসের সফরে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই মাসের এই সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী।
তার অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্বের বাইরে অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পরে ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।
এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন তিনি। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন খলিলুর রহমান।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
