আমের খানকে সরিয়ে জাতীয় দলের ম্যানেজার বাবু, বাফুফের দুই সহ-সভাপতির আপত্তি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদ থেকে আমের খানকে সরিয়ে আমিরুল ইসলাম বাবুকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও সাব্বির আহমেদ আরেফ।
বাফুফেরে সূত্রে জানা গেছে, ম্যানেজার পরিবর্তনের বিষয়টি নির্বাহী কমিটির সভায় আলোচনা হওয়ার কথা ছিল। তবে এর আগেই ন্যাশনাল টিমস কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে নির্বাহী কমিটির আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই ম্যানেজার পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়।
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল আমের খানকে দায়িত্ব থেকে সরিয়ে আমিরুল ইসলাম বাবুকে জাতীয় দলের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। হঠাৎ করে এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন দুই সহসভাপতি।
তারা বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে নিজেদের আপত্তির কথা জানান। তাদের মতে, জাতীয় দলের ম্যানেজার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাহী কমিটির সভায় আলোচনা করে নেওয়া উচিত ছিল।
হ্যাপী ও আরেফ সাধারণ সম্পাদককে সভাপতির কাছে তাদের বক্তব্য তুলে ধরার অনুরোধ করেন। একই সঙ্গে তারা জানান, কে ম্যানেজার থাকবেন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়ে নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন।
এদিকে আমের খানকে সরিয়ে দায়িত্ব পাওয়া আমিরুল ইসলাম বাবু গত কয়েক দিন ধরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যাতায়াত করছেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের জন্য বাফুফে থেকে তাকে চিঠিও দেওয়া হয়েছে।
তবে দায়িত্ব নেওয়ার শুরুতেই একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন নতুন ম্যানেজার। বসুন্ধরা কিংসের মাঠে অনুশীলন শেষে জাতীয় দলের খেলোয়াড়দের আইসবাথ করার ব্যবস্থা থাকলেও নির্ধারিত সময়ে পর্যাপ্ত বরফ সেখানে পৌঁছায়নি।
হার্ড ট্রেনিংয়ের পর খেলোয়াড়দের শারীরিক পুনরুদ্ধারের অংশ হিসেবে আইসবাথ গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে খেলোয়াড়রা কোচ থমাস ঢুলির কাছে অভিযোগ করেন। এতে কোচও অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।
পরে বরফ আনার ব্যবস্থা করা হলেও ততক্ষণে খেলোয়াড়রা টিম বাসে উঠে পড়েছিলেন। অবশ্য বিকেলের অনুশীলন শেষে খেলোয়াড়রা আইসবাথ করার সুযোগ পান।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে আসিয়ান কাপ ফুটবলের প্রস্তুতি নিচ্ছে। আসন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে প্রাথমিক দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন ক্যাম্প চলছে। এর মধ্যেই ম্যানেজার পরিবর্তন নিয়ে বাফুফের অভ্যন্তরে মতবিরোধের বিষয়টি সামনে এলো।
