চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরের আগ্রাবাদ এলাকার রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাঁর মৃত্যুর কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েদুর রহমানের তিন মেয়ের মধ্যে দুজন ঢাকায় থাকেন। অপর একজন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত।
ঘটনার সময় ছায়েদুর রহমানের স্ত্রী ও কোনো কন্যা বাসায় ছিলেন না। পুলিশ জানতে পেরেছে, তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফেরার জন্য ফোন করেছিলেন। এছাড়া বুধবার সন্ধ্যায় তিনি সহকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
