‘ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস বা আঁতাত নয়’: নেতাকর্মীদের সতর্ক করলেন ফরহাদ আজাদ

পঞ্চগড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশে বক্তব্য দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারের কর্মকাণ্ড ও দলের অবস্থান জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ফরহাদ হোসেন আজাদ বর্তমানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, যারা জাতীয় নির্বাচনে দলের পক্ষে ভোট দেননি, তাদের স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার ক্ষেত্রে কী ধরনের সুবিধা হবে, তা দলীয় নেতাকর্মীদের বিবেচনা করতে হবে। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: মিরপুরে টিকাকেন্দ্রে হামলা-ভাঙচুর, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন। এসব আন্দোলনে জিয়া পরিবারের ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে এসব আন্দোলনের বিরোধিতাকারী বিভিন্ন শক্তি ভবিষ্যতে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সংগঠনের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। একই সঙ্গে দলের কর্মকাণ্ড এবং সরকারের বিভিন্ন কার্যক্রম মাঠপর্যায়ে মানুষের কাছে তুলে ধরতে হবে। তাঁর ভাষ্য, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো গুপ্ত বা সুপ্ত শক্তি দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।
এর আগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ জেলার পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
