শেরপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৬০ বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরের নকলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছেন। তাঁর দাবি, নির্যাতনের শিকার কিশোরী বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ বিকেল ৪টার দিকে নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে অভিযুক্ত মো. উসমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, বাড়ির একটি টিনশেড ঘরে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
এ ঘটনায় কিশোরীর বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত উসমান মিয়া (৬০) একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, কিশোরীর বয়স ১৩ বছর। তাদের বাড়ি উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে। বর্তমানে সে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তার বাবা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে ঘিরে এমন গুরুতর অভিযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগীর নিরাপত্তা, প্রয়োজনীয় চিকিৎসা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
