নদী রক্ষায় ‘যুদ্ধ’ করতে হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

বাংলাদেশে নদী রক্ষার কাজকে রীতিমতো যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নদী দখল ও দূষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বসিলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘রান ফর ক্লিন রিভার’ শীর্ষক ওয়াকওয়ে রান ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশে নদী নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হয় না। কিন্তু বাংলাদেশে নদী রক্ষার জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে নদী রক্ষা সম্ভব নয়। সরকারি জমি দখল এবং নদীতে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাজধানীর পাঁচটি নদীকে কেন্দ্র করে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি জানান, নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নিয়মিত নৌযান চলাচল নিশ্চিত করা, এক নদীর সঙ্গে অন্য নদীর নৌপথে সংযোগ স্থাপন এবং নদীর দুই তীরে হাঁটার ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীর নদীগুলোকে আবারও পরিবেশবান্ধব ও জনবান্ধব করে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

