সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকদের প্রতিবাদের পর ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁরা সিদ্ধান্তের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন।
আয়োজকদের ভাষ্য, সম্প্রতি ঢাকার আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটনার ১৭ দিন আগে তাঁর সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার চুক্তি হয়। তবে ওই ঘটনায় সাংবাদিককে অসম্মান করার অভিযোগ তুলে চট্টগ্রামের গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ জানান। তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পরীমনিকে অনুষ্ঠানে না রাখার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।
এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করেন পরীমনি। চট্টগ্রামের দর্শকদের সঙ্গে দেখা হওয়ার বার্তাও দেন তিনি।
পোস্টারটি ঘিরে জাতীয় একটি দৈনিকের প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। সমকালের সাংবাদিক রবি ও তাঁর মায়ের কাছে পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসার আহ্বান জানান তিনি। অন্যথায় আয়োজকদের বিকল্প অতিথি বেছে নেওয়ার অনুরোধ করেন।
এরপর চট্টগ্রামে কর্মরত অন্য সাংবাদিকেরাও প্রতিবাদে যুক্ত হন। পরে পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন আয়োজকরা।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।
