পরীমনিকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার দাবি

পরীমনিকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার দাবি

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তুলে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার। নোটিশে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) পাঠানো নোটিশের প্রাপক হিসেবে শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে রাখা হয়েছে।

নোটিশে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সাত দিনের মধ্যে পরীমনির কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে। দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নোটিশদাতা।

আরও পড়ুন

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, হুমকি এবং আপত্তিকর অভিনয় বা অঙ্গভঙ্গি থেকে পরীমনিকে বিরত থাকতে বলা হয়েছে। বিভিন্ন মাধ্যমে শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন বলে নোটিশে উল্লেখ করা কর্মকাণ্ড ধারণ ও প্রদর্শন বন্ধের দাবিও জানানো হয়।

নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণের পর জামিন পান পরীমনি। সেদিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসে যাওয়ার সময় সাংবাদিকেরা তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।

ওই সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন পরীমনি কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। তাঁর নিরাপত্তারক্ষীরা সংবাদ সংগ্রহে ব্যবহৃত একটি ট্রাইপড ভেঙে ফেলেন বলেও অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *