আমনে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের কেজি ৩৫ টাকা: খাদ্যমন্ত্রী

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে কেনা হবে ৩ লাখ মেট্রিক টন ধান।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী জানান, ধানের পাশাপাশি প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
আগামী ১৪ নভেম্বর ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আর চাল কেনা শুরু হবে ১ ডিসেম্বর। উভয় কার্যক্রম চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সুগন্ধি চাল রপ্তানি নিয়ে এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, উৎপাদন কমে যাওয়ায় সরকার বর্তমানে সুগন্ধি চাল রপ্তানি করছে না।

