২৪ সেপ্টেম্বর নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের অপেক্ষায় থাকা সহকারী শিক্ষকরা আগামী ২৪ সেপ্টেম্বর নিয়োগপত্র পেতে যাচ্ছেন। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে নতুন শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩) বেতনক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপত্রে মোট নয়টি শর্ত উল্লেখ করা হয়েছে।
শর্ত অনুযায়ী, চাকরিতে যোগদানের পর প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এ সময়ে কর্মদক্ষতা, আচরণ ও চাকরির রেকর্ড সন্তোষজনক হলে বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণের বিষয় বিবেচনা করা হবে। শিক্ষানবিশকালে কোনো ধরনের বদলির আবেদন করা যাবে না।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কোনো শিশুকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করতে পারবেন না। এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিয়োগের সময় দেওয়া কোনো তথ্য বা সনদপত্র পরবর্তী সময়ে মিথ্যা, ভুয়া বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ বাতিলের পাশাপাশি প্রচলিত আইনে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।
চাকরিতে যোগদানের পর শিক্ষকদের সরকার নির্ধারিত দুই মাসের প্রশিক্ষণে অংশ নিতে হবে। পাশাপাশি চার বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করতে হবে। নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণে ব্যর্থ হলে বা প্রশিক্ষণে অনুত্তীর্ণ হলে চাকরি স্থায়ী করা হবে না।
নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া ও না দেওয়ার বিষয়ে একটি বন্ড দিতে হবে। এছাড়া নিয়োগ আদেশে উল্লেখ নেই এমন বিষয়গুলোতে সরকারি প্রচলিত বিধি-বিধান ও পরবর্তী আদেশ কার্যকর হবে।
আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগ দিতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ’ খাতের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোড থেকে বেতন-ভাতা পাবেন।
