ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী সাবেক শিবিরি নেতা দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হালিম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম নির্বাচন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ কারণেই দলটি সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
তিনি জানান, ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ানো হবে। তাঁর ভাষ্য, জনগণ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পেলে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে জামায়াতের প্রার্থী বিজয়ী হওয়ার বিষয়ে তারা আশাবাদী।
ঠাকুরগাঁও-১ আসনের আওতায় রয়েছে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন।
