দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে টানা ১৬ দিন বন্ধ

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে টানা ১৬ দিন বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় কলেজে সর্বোচ্চ টানা ১৬ দিন পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, অক্টোবর মাসে সরকারি ও বেসরকারি কলেজে সাপ্তাহিক ছুটিসহ মোট ২০ দিন অবকাশ থাকবে। এর মধ্যে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।

ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় কলেজগুলোতে টানা ১৬ দিনের ছুটি হবে। সব মিলিয়ে অক্টোবর মাসে কলেজে মোট ১০ দিন ক্লাস অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা টানা ১০ দিনের অবকাশ পাবেন। মাসজুড়ে মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৫ দিন পাঠদান চলবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়েও মোট ১০ দিনের ছুটি পাওয়া যাবে।

সরকারি ও বেসরকারি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটি হবে।

অন্যদিকে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় মোট ১০ দিনের অবকাশ থাকবে।

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিন্ডিকেট বা কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। তাই দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় খোলা বা বন্ধ রাখার সময়সীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *