চীন সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে চীন গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চায়না সাউদার্নের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফরে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।
আরও পড়ুন: প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী
এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিংও উপস্থিত ছিলেন।
সফরকালে মাহদী আমিন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে চীনে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচি, আলোচনা ও মতবিনিময়ে অংশ নেবেন। এসব আয়োজনে কারিগরি শিক্ষার উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
চীনের আমন্ত্রণে এ সরকারি সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের দেশে ফেরার কথা রয়েছে।
