বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার সচিবালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দলের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি জানান।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী।
এর আগে সচিবালয়ে তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক জীবন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৬ সালের ৩০ মার্চ বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে ২০১১ সালের ২০ মার্চ থেকে প্রায় পাঁচ বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ সরকারের
২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৯৮৬ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
নব্বইয়ের দশকের শুরুতে এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে তাকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
