প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর সময় ও আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর সময় ও আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর সফরের সময় নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে শামা ওবায়েদ বলেন, সম্প্রতি জাপানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ মন্ত্রী বাংলাদেশ সফর করেছেন এবং তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

তিনি জানান, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন এবং এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর জাপান ও ভারত সফরের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি। দুই দেশের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময় নির্ধারণ করা হবে। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের কারণে প্রধানমন্ত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন বলেও জানান তিনি।

ব্রিকস সম্মেলনে যোগদান এবং ভারত সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সম্ভাবনা সবসময়ই রয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ অধিবেশনসহ বিভিন্ন সাংবিধানিক বিষয়ে কাজ চলায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা রয়েছে। এর মধ্যেই সময় মিললে ভারত, জাপানসহ অন্যান্য দেশে প্রধানমন্ত্রীর সফর অনুষ্ঠিত হবে।

শামা ওবায়েদ বলেন, সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার ইতিবাচক। তবে সফরের বিষয়টি নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর।

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমানোর সুযোগ রয়েছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের টানাপোড়েন কমাতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ।

তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন বৈঠকে বসেন এবং দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন, তখন অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। ভারতেরও এই সুযোগ কাজে লাগানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভারতে অবস্থান করে একজন সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য দেওয়ার বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জুলাইয়ের ঘটনাবলি এখনো মানুষের মনে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল হওয়া প্রয়োজন।

দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে বিভিন্ন সমস্যার সমাধানের পথ তৈরি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানোর আলোচনা

সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে সম্প্রতি দুই দিনের সফর করেছেন শামা ওবায়েদ। সফরে দেশটিতে কর্মরত প্রায় দেড় থেকে দুই লাখ বাংলাদেশির বিষয়ে এবং আরও বেশি দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা নিয়ে সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো এবং বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, ১৯৭৫ সাল থেকে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে এবং সময়ের সঙ্গে তা আরও জোরদার হয়েছে। ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নিয়ে সিঙ্গাপুর সরকারের প্রস্তাবের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প পরিদর্শনের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে জ্বালানি উৎপাদন করা হচ্ছে, তা তারা সরেজমিনে দেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *