সরকারের ছয় মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

সরকারের ছয় মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিনের কার্যক্রম শেষে জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী ধরনের কাজ করেছে, তা পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, মন্ত্রণালয়গুলোর অগ্রগতি ও কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ছয় মাসের সময়সীমা পূর্ণ হওয়ার পর সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের মূল্যায়ন জনগণের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী নিজেই।

এদিকে রেলপথ খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে বলে জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, রেল যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৮০ দিন শেষে এসব কার্যক্রমের সামগ্রিক চিত্র জনগণের সামনে উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *