চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। আগামী ২ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করতে পারেন মির্জা আব্বাস। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে অনেকটাই সুস্থ। মালয়েশিয়া থেকেই দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে, গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান মির্জা আব্বাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *