তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা: বিয়েই সমাধান

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক তরুণীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে আটক হন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে মাহ্ফুজ সরকার রাকিবকে দেখতে পেয়ে এলাকাবাসী তাকে আটক করেন। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে ওই রাতেই আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে স্থানীয়রা জানান।
আরও পড়ুন: এনআইডির কাজ করে দেওয়ার কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
তবে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন মাহ্ফুজ সরকার রাকিব। তার ভাষ্য, এটি সম্পূর্ণ পারিবারিকভাবে সম্পন্ন হওয়া একটি বিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে ঘটনাকে বিকৃত করে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে।
তিনি দাবি করেন, বিয়ের আগের রাতে দুই পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছিল। সে কারণেই তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। শুক্রবার সকালে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এ বিষয়ে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, মাহ্ফুজ রাকিব ও জুই আক্তারের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। রাতে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় ৭ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে পড়ানো হয়েছে।
এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও দাবি ছড়িয়ে পড়লেও, সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
➡️ শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
