এনআইডির কাজ করে দেওয়ার কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

✍️নিজস্ব প্রতিবেদক, যশোর।

এনআইডির কাজ করে দেওয়ার কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজ করে দেওয়ার কথা বলে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আরাফাত হোসেন রাব্বি (২২) নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা লিখিত এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রী জাতীয় পরিচয়পত্রের একটি কাজ সম্পন্ন করতে অভিযুক্ত রাব্বির সহযোগিতা চান। পারিবারিকভাবে প্রতিবেশী ও মামাতো ভাইয়ের সম্পর্ক থাকায় তার ওপর আস্থা রেখেই শনিবার সকালে রাব্বির সঙ্গে বাড়ি থেকে বের হন তিনি।

অভিযোগে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে উপজেলা নির্বাচন কার্যালয় বন্ধ থাকা সত্ত্বেও রাব্বি বিভিন্ন অজুহাতে ওই শিক্ষার্থীকে চৌগাছা পৌর এলাকার একটি পরিচিত ব্যক্তির বাসায় নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের লোকজন তাকে নিয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে যশোর আদালতে পাঠানো হবে। একই সঙ্গে মামলার তদন্ত ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *