জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টের অভিযোগে জাবি শিক্ষার্থী কারাগারে

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টের অভিযোগে জাবি শিক্ষার্থী কারাগারে
শারাফাত শারিক রোহান | ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো শিক্ষার্থী শারাফাত শারিক রোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

প্রসিকিউশন সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা রোহানকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ইঙ্গিত মিলেছে এবং অভিযোগের বিষয়ে আরও তদন্ত প্রয়োজন।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টের মাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়িয়ে জনমনে অস্থিরতা তৈরির চেষ্টা করার অভিযোগ রয়েছে। এছাড়া জামিন পেলে তিনি তদন্তে প্রভাব ফেলতে পারেন বা পলাতক হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত বুধবার (৫ আগস্ট) ভোরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি স্ট্যাটাস প্রকাশ করেন রোহান। ওই পোস্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে হলের কয়েকজন শিক্ষার্থী তাকে আটকে রাখেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পরদিন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ আশুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে রোহানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *