সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি
দীপু মনিকে আজ বৃহস্পতিবার সকালে প্রিজন ভ্যানে করে মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়

স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি নিরাপত্তায় বের হন তিনি। পরে প্রিজন ভ্যানে করে তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির আনুষ্ঠানিকতা শেষ করে সকাল ৬টা ১০ মিনিটের দিকে দীপু মনিকে কারাগার থেকে বের করা হয়। তাঁর নিরাপত্তায় পুলিশের দুটি গাড়ি ও একটি প্রিজন ভ্যানে মোট ৩৮ জন সদস্য ছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে কারাগারে ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দীপু মনির আইনজীবী চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তাঁর আবেদন আংশিক মঞ্জুর করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।

দীপু মনি বর্তমানে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন।

তাঁর স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর পর দীপু মনির মেয়ে তানী দীপাবলি ও তাঁর আইনজীবী প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। পরে ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দেওয়া হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে দীপু মনি তাঁর স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন। পরে মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। বাদ জোহর জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *