৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল, পূরণ হচ্ছে উচ্চশিক্ষার স্বপ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি) এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৪ লাখ টাকা সমমূল্যের ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি পেয়েছেন।
চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় জান্নাতুল প্রতিবছর ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে তাঁকে বৃত্তির বিষয়টি নিশ্চিত করেন।
জান্নাতুল শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা আফজল আলী পশ্চিম লেঞ্জাপাড়ার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সীমিত আর্থিক সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় তিনি পড়াশোনা চালিয়ে যান।
২০২৫ সালে জহুর চান বিবি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর জান্নাতুল শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। গত ২০ জুলাই শুরু হওয়া ওই কর্মসূচিতে বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের শিক্ষাক্রমে অংশ নেওয়া তাঁর জন্য চ্যালেঞ্জিং হলেও অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তিনি সফলভাবে প্রোগ্রামটি সম্পন্ন করেন।
সামার স্কুল শেষ করার পর শেভরন বাংলাদেশের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পান জান্নাতুল। একই সঙ্গে অর্জন করেন চার বছর মেয়াদি এই বড় অঙ্কের বৃত্তি।
বৃত্তির খবর পাওয়ার অনুভূতি জানিয়ে জান্নাতুল বলেন, এত বড় একটি বৃত্তি পাওয়ার খবর প্রথমে তাঁর বিশ্বাস হচ্ছিল না। বারবার চিঠিটি পড়ার পর বিষয়টি নিশ্চিত হয়ে এখন তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার জন্য নিজেকে প্রস্তুত করছেন। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যেন এ ধরনের সুযোগ পায়, সেই প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
মেয়ের সাফল্যে আনন্দিত জান্নাতুলের বাবা আফজল আলী। মেয়ের উচ্চশিক্ষার ব্যয় বহন করা তাঁর পক্ষে কঠিন বলে জানান তিনি। বৃত্তি পাওয়ায় সেই দুশ্চিন্তা অনেকটাই কমেছে। মেয়ের এই অর্জনে তিনি গর্বিত এবং আশা করছেন, ভালো শিক্ষার মাধ্যমে জান্নাতুল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।
জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীর এমন সাফল্য অন্যদের জন্যও অনুপ্রেরণার। তাঁর মতে, দৃঢ় ইচ্ছা, পরিশ্রম ও প্রতিভা থাকলে নানা সীমাবদ্ধতা পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব—জান্নাতুলের সাফল্য তারই উদাহরণ।
