৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাতে ইয়াবা পাচারে জড়িত একটি চক্রের তথ্যের ভিত্তিতে উত্তরার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’
পুলিশ জানায়, প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর আজমপুর কাঁচাবাজার এলাকার বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের ৬৭ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পুলিশকে জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক এএসআই শফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল থানায় দায়িত্ব পালনে অনিয়মিত ছিলেন।
