শেখ হাসিনাকে ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চাই: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান রাজধানীতে এক ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ছাত্র–জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা শেখ হাসিনাকে ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চাই। একই সঙ্গে তিনি যেন সব ধরনের আইনগত অধিকার পান, সেটিও নিশ্চিত করা হবে।”

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার অনুসারীরা এখনো দেশে রয়েছেন। তবে সবাইকে একসঙ্গে সরিয়ে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে তা আদালতের নির্দেশ অমান্য করার শামিল হবে। এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কেউ প্রচার চালালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে সরকারের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অবস্থান প্রসঙ্গেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, বর্তমান সরকার কোনো ধরনের ভূ-রাজনৈতিক (জিওপলিটিক্যাল) চাপে নেই এবং এ নিয়ে সরকারের কোনো সংকটও নেই।

তিনি দাবি করেন, অতীতে ক্ষমতায় টিকে থাকার জন্য আগের সরকার কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা বা আলোচনা করেছিল। তবে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, তাই এ ধরনের সমঝোতার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *