সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাতকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের অগ্রগতির ওপর নির্ভর করছে। মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসার জন্য যেসব হাসপাতালে আসেন, সেসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসার সুযোগ আরও বিস্তৃত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর বিষয়েও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার মতে, আধুনিক চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবার অবকাঠামোও আরও শক্তিশালী করা প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সেবার সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরা হয়। ২০০৫ সালে হাসপাতালটি উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে নতুন করে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

নতুন রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টার চালুর ফলে শ্বাসতন্ত্রের জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *