একাই পরিচালনা করেন ৩৮ অনলাইন ক্যাসিনো অ্যাপ। ডিবির অভিযানে গ্রেপ্তার

The current image has no alternative text. The file name is: Web-Image-12-scaled.png
গ্রেপ্তার খোরশেদ আলী | ছবি: সংগৃহীত

একটি স্মার্টফোন ব্যবহার করে নিজের নামে নিবন্ধিত ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপ পরিচালনার অভিযোগে খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে খোরশেদ আলীকে আটক করার পর তার ব্যবহৃত স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় ফোনটিতে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপ পাওয়া যায়। তদন্তে পুলিশের ধারণা, এসব অ্যাপের মাধ্যমে তিনি ইন্টারনেটভিত্তিক অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের নামে নিবন্ধিত ক্যাসিনো আইডির মাধ্যমে জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করতেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে অনলাইন ক্যাসিনোতে যুক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এ ধরনের কার্যক্রমের ফলে অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, অনলাইন জুয়ার প্রলোভনে পড়ে অনেক পরিবার অর্থনৈতিক সংকটে পড়েছে এবং ঋণের বোঝা বেড়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, অনলাইন জুয়া সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক ও সাইবারভিত্তিক অপরাধসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় খোরশেদ আলীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *