আওয়ামী লীগকে ফেরাতে রাজনীতি ঘোলাটে হচ্ছে কি না, সজাগ থাকতে হবে

আওয়ামী লীগকে ফেরাতে রাজনীতি ঘোলাটে হচ্ছে কি না, সজাগ থাকতে হবে
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার কোনো চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আবদুস সালাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস পার হয়েছে। এত অল্প সময়ে বিদ্যুৎ ও গ্যাসের মতো দীর্ঘদিনের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যা কাটিয়ে উঠতে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

তিনি বলেন, সরকারকে কাজ করার সুযোগ না দিয়েই বিরোধী দল ছয় মাসের মধ্যেই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, আগামী নির্বাচন জনগণের ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তনের পথ নির্ধারণ করবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

গণতন্ত্র রক্ষায় দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আবদুস সালাম।

এদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বিভিন্ন অংশে মরিচা ধরার পাশাপাশি তৈরি হয়েছিল বড় বড় গর্ত। পরিস্থিতি বিবেচনায় ডিএসসিসি অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন করে।

সংস্কার শেষে শুক্রবার ব্রিজটি আবারও চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ডিএসসিসির তথ্য অনুযায়ী, এর ফলে এলাকার প্রায় ৫০ লাখ মানুষ সুবিধা পাবেন। যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকলেও স্থানীয় বাসিন্দারা এখন নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *