১৭ বছরের জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান

দেশে দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের এই জঞ্জাল পরিষ্কার করতে কিছুটা সময় প্রয়োজন। এ জন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, যারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছেন, সরকার তাদের পাশে থাকবে। তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছয় মাস যথেষ্ট সময় নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিরোধী দলগুলোকে সহযোগিতার মনোভাব নিয়ে সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিনি আরও বলেন, সরকার যেসব কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো যথাসময়ে বাস্তবায়ন করা হবে। সরকার নিজস্ব নিয়ম ও পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করছে। জনগণের কোনো পরামর্শ থাকলে তা সরকারকে জানানোর আহ্বানও জানান তিনি।
