‘বাংলাদেশ ভালো নেই, মানুষও ভালো নেই’: জামায়াত আমির শফিকুর রহমান

বাংলাদেশের মানুষ নানা সংকট ও কষ্টের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সম্মেলনটির আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ ভালো নেই, মানুষ ভালো নেই।’ তাঁর অভিযোগ, মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। কখন কে অপমান বা হয়রানির শিকার হবেন, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সংসদে কোরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক আইন পাস করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তবে তাঁর এ বক্তব্যের বিষয়ে বিস্তারিত কোনো নির্দিষ্ট আইনের নাম উল্লেখ করেননি তিনি।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশে কওমি ও আলিয়া—দুই ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কোনো ত্রুটি থাকলে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে বিষয়টি দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দু-একটি অঘটনের কারণে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। একইভাবে বিচ্ছিন্ন কোনো ঘটনার দায়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।
আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাদা কাপড়ে যেমন সামান্য দাগও স্পষ্টভাবে দেখা যায়, তেমনি আলেমদের ক্ষেত্রেও ছোটখাটো বিষয় বড় করে দেখা হয়। তাই দায়িত্বশীল আচরণ ও সতর্কতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
