শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কাঙ্ক্ষিত সংস্কার হয়নি: শিবির সভাপতি

শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কাঙ্ক্ষিত সংস্কার হয়নি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, তবে প্রত্যাশিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত হয়নি।

সোমবার (৩ আগস্ট) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির আয়োজিত ‘July Uprising Run 2026’ মিনি ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত করা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর সংস্কার নিশ্চিত করা। তবে তার দাবি, বাস্তবে এসব প্রত্যাশা পূরণ হয়নি।

তিনি বলেন, “আমরা চেয়েছিলাম বিচার বিভাগ, প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনী স্বাধীনভাবে কাজ করবে এবং দুর্নীতি বন্ধ হবে। কিন্তু জুলাইয়ের পর কার্যত শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হয়নি।”

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান সরকারকে গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদানের যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় তরুণ সমাজ আবারও আন্দোলনে নামতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিনি ম্যারাথনের যাত্রা শুরু হয়। ম্যারাথনটি জীববিজ্ঞান অনুষদ, মীর মশাররফ হোসেন হল, বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া, বিভিন্ন ছাত্রী হল ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

আয়োজকদের দাবি, এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *