শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’, ছেলেদের জন্য বাধ্যতামূলক, মেয়েদের জন্য ঐচ্ছিক

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা নিয়ে সচিবালয়ে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা নিয়ে সচিবালয়ে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা

দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ছেলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে, আর মেয়ে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ঐচ্ছিক।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা আয়োজন-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরে সংবাদ ব্রিফিংয়ে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিযোগিতা শুরু এবং ৩০ অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটানো এবং দেশব্যাপী একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নেতৃত্ব ও দলগত চেতনা বিকাশেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা, যুব ও ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয় সমন্বিতভাবে বছরজুড়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমানোর লক্ষ্য রয়েছে।

উপদেষ্টা জানান, উদ্বোধনী ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আয়োজকদের প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে ফাইনাল ম্যাচেও প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করা হচ্ছে।

স্টিয়ারিং কমিটির সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের স্কুলভিত্তিক ফুটবল কার্যক্রমকে আরও বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *