সরকারের ১৮০ দিন অদক্ষতা-অব্যবস্থাপনার দৃষ্টান্ত: নাহিদ ইসলাম

সরকারের ১৮০ দিন অদক্ষতা-অব্যবস্থাপনার দৃষ্টান্ত: নাহিদ ইসলাম
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম | ছবি: এনসিপির ফেসবুক পেজ

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার দৃষ্টান্ত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেছেন, সরকার পুরোনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিএনপি সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন করে এনসিপির পলিসি ও রিসার্চবিষয়ক উপকমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ‘বিএনপি সরকারের ১৮০ দিন: পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরোনো রাজনীতিতে প্রত্যাবর্তন—অব্যবস্থাপনা, অদক্ষতা, পরিকল্পনাহীনতা’ শীর্ষক একটি পুস্তিকা তুলে ধরা হয়। এতে সরকারের প্রথম ছয় মাসের বিভিন্ন কার্যক্রমের সমালোচনামূলক মূল্যায়ন করা হয়েছে।

পুস্তিকায় বলা হয়, ক্ষমতা গ্রহণের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দিয়েছিল। তবে ছয় মাস পর এসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে দাবি করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট শিল্প উৎপাদন, কৃষি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে অনিয়ম এবং বাজারে পুরোনো সিন্ডিকেটের সক্রিয়তারও অভিযোগ করেন তিনি।

প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ বাতিল বা দুর্বল করা হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও স্বজনপ্রীতি বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই গণহত্যার বিচার, শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়েও সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। বিরোধী দল, ভিন্নমত ও সাংবাদিকদের ওপর হামলা-মামলা এবং প্রশাসনের কর্মকর্তাদের হয়রানির অভিযোগও করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবারও দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সরকার ব্যর্থ, বিরোধী দল দায়িত্বশীল: নাহিদ

সরকার পুরোনো রাজনৈতিক কাঠামোর দিকে ফিরে যাচ্ছে—এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, প্রথম ১৮০ দিনের কার্যক্রমেই সরকারের পরিকল্পনাহীনতা স্পষ্ট হয়েছে। তার দাবি, সরকার ক্ষমতায় বসে পুরোনো নীতি ও কাঠামোর ভিত্তিতেই দেশ পরিচালনা করছে।

বিরোধী দল হিসেবে এনসিপি গত ছয় মাসে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে বিরোধী দল ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এর জবাবে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।

বিরোধী দল দুর্বল—এমন প্রচারণাকে সরকারের ব্যর্থতা আড়ালের চেষ্টা হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার ভুল নীতি গ্রহণ করলে তা জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি রাজনৈতিকভাবেও এর বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।

এনসিপির এই নেতা জানান, ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শিগগিরই দেশের পাঁচ থেকে ছয়টি বিভাগে লংমার্চ এবং পরে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও বক্তব্য

ভারত প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন ভারত সরকারের সহযোগিতা বা মদদ ছাড়া সম্ভব ছিল না বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়টি পরস্পরবিরোধী। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা এবং বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শনের মতো বিষয়গুলোতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

গঙ্গা চুক্তি, সীমান্তে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন ইস্যুকে ভিত্তি করে ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক নির্ধারণের পক্ষে মত দেন এনসিপির আহ্বায়ক।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শেখ হাসিনা দিল্লিতে অবস্থানরত অবস্থায় এমন সফর হলে তা বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনে কী বার্তা দেবে, সে প্রশ্নও রাখেন নাহিদ ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *